নির্বাচনে অশান্তি, গ্রেফতার ৯
দি নিউজ লায়ন; নির্বাচনের দিন প্রার্থীদের হেনস্থা, ভোট লুটের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া ৯ জনকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। মঙ্গলবার নির্বাচনের দিন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রাথী পাপিয়া অধিকারীকে হেনস্থার ঘটনায় রাতে গ্রেফতার হওয়া ২ দুষ্কৃতীকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে মঙ্গলবার আমতার মুক্তিরচকে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজিকে হেনস্থা করার ঘটনায় গ্রেফতার হওয়া ২ দুস্কৃতীকে আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অপরদিকে নির্বাচনের ভোট লুটের চেষ্টা, অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার হওয়া ৫ দুষ্কৃতীকে এদিন আদালতে তোলা হলে বিচারক তাদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত মঙ্গলবার নির্বাচনের দিন দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আইমা গোবরদহ গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হওয়া এক বিজেপি কর্মীকে উলুবেড়িয়া হাসপাতাল দেখতে আসেন বিজেপি পার্থী পাপিয়া অধিকারী। অভিযোগ সেই সময় কয়েক জন দুষ্কৃতী বিজেপি প্রার্থীকে হেনস্থা করে। পরে বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। অন্যদিকে মঙ্গলবার দুপুরে দলীয় ক্যাম্প অফিস ভাঙচুরের খবর পেয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি আমতার মুক্তিরচক গ্রামে গেলে দুষ্কৃতীরা তৃনমূল প্রার্থীকে হেনস্থা করে। পরে তৃণমূল প্রার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার দুপুরে আমতার চন্দ্রপুরে ভোট লুটের চেষ্টা এবং অশান্তি পাকানোর অভিযোগে পুলিশ ৫ দুস্কৃতীকে গ্রেফতার করে।

Post a Comment